উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টায় দুই খুন, আতঙ্কে বাসিন্দারা
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে টানা ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পজুড়ে। সর্বশেষ বুধবার দুপুরে গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ কামাল নামে এক ব্যক্তি, যিনি আরাকান রোহিঙ্গা আর্মি–এআরএ প্রধান নবী হোসেন-এর ছোট ভাই হিসেবে পরিচিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খুন হন আরাকান আর্মি অর্গানাইজেশন–এআরও প্রধান কেফায়েত উল্লাহ হালিম। ক্যাম্পে তার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী ‘হালিম বাহিনী’ নামে পরিচিত ছিল। পরপর দুই হত্যাকাণ্ডে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় দুর্বৃত্তরা মোহাম্মদ কামালকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথা ও বুকে গুলিবিদ্ধ হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন–আরএসও’র ১২ থেকে ১৩ সদস্য কামালের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডগুলো সেই সংঘাতেরই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টানা হত্যাকাণ্ডে ক্যাম্পে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় অনেকে সন্ধ্যার পর ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন।








