“ভোটে কারচুপির অভিযোগ, পদত্যাগে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়”
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, প্রকৃত অর্থে তিনি নির্বাচনে পরাজিত হননি, বরং পরিকল্পিতভাবে ভোটে কারচুপি করে ফলাফল বদলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (বিকেল) কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। মমতা বলেন, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। জোর করে ভোট লুট করা হয়েছে। তাহলে পদত্যাগ করব কেন?”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে অনেক কিছু সহ্য করেছেন, তবে এখন আর নীরব থাকবেন না। “আমি এখন সাধারণ মানুষের মতোই লড়াই করব। রাস্তায় ছিলাম, আবার রাস্তায় নামব—অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে,”—বলেন তিনি।
নির্বাচন পরিচালনায় ভারতের নির্বাচন কমিশন-এর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন মমতা। তার অভিযোগ, কমিশনের সহায়তায় শতাধিক আসনে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন হলে তিনি ফল মেনে নিতেন বলেও উল্লেখ করেন।
এ সময় বিরোধী জোট আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতা তার সঙ্গে যোগাযোগ করছেন এবং আগামী দিনে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েনসহ দলীয় শীর্ষ নেতারা।







