হাকিমপুরে পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হলো এ মহান দিনগুলো।
২৫ মার্চের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সুরা ফাতিহা পাঠ করা হয় এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়।

২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৯ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে হাকিমপুর সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সংগীত, আবৃত্তি, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি হাসপাতাল ও এতিমখানায় উপহার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জনাব, অশোক বিক্রম চাকমা’র সভাপতিত্বে গঠিত উদযাপন কমিটি এসব কার্যক্রম বাস্তবায়ন করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুল ইসলাম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া অনুষ্ঠানে বিএনপির সভাপতি ও সেক্রেটারি, হিলি এলাকার নারী উদ্যোক্তা জাকিয়া ডলিসহ অন্যান্য উদ্যোক্তাবৃন্দ এবং বিভিন্ন সমাজকর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় দিবসের এ কর্মসূচি হাকিমপুরের সর্বস্তরের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেছে এবং দেশপ্রেমের আত্মার দীপ্তি আরও উজ্জ্বল করেছে।








