রাঙামাটিতে ছাত্রদলের দ্বন্দ্বে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নবগঠিত কমিটিকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী, লাঠিচার্জ করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
জানা যায়, গত শনিবার রাতে ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হলে এর বিরোধিতা করে সংগঠনের একাংশ। রোববার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা।
পরদিন দুপুরে নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মো. ইউসুফ নামে পৌর যুবদলের এক সদস্য আহত হন।
ঘটনাস্থলে সেনাবাহিনী লাঠিচার্জ করলে দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন পৌরসভা এলাকা, কাঠালতলী ও বনরূপা এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ আদেশে যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
অন্যদিকে, ঘটনার পর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কমিটির সভাপতি মো. অলি আহাদ বলেন, আংশিক কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করা হবে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ১৪৪ ধারা জারির ফলে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।








