হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদকঃ
দেশে হাম রোগের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশু এবং হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৪ হাজার ৭৭৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়, আর একই সময়সীমায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৭ জনে।
এছাড়া, ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ২৫৮ জন।
মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন মোট ৩৭ জন। একই সময়ে হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ১০ হাজার ৯১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২ হাজার ৩৪১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এখন সবচেয়ে জরুরি। অভিভাবকদেরও শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।








