আবাসিক ভবনে বিপুল ভোজ্যতেল মজুত: আলম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে আবাসিক ভবনের ভেতরে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত ও অনিয়মের অভিযোগে আলম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার আলীপুর পুরাতন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। এতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও হাটহাজারী মডেল থানা পুলিশ যৌথভাবে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আবাসিক ভবনের ভেতরে আলম এন্টারপ্রাইজের একটি গুদামে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের সন্ধান পাওয়া যায়। এ সময় দেখা যায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল সংরক্ষণ করা হয়েছে।
এছাড়া প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার আগেই নতুন চালান এনে অতিরিক্ত মজুদ, এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান মালিক মো. মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
পরে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিক্রয়ের আগে নতুন করে অতিরিক্ত মজুদ না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করে।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








