পতেঙ্গার বহিঃনোঙরে ভোরের অভিযানে চোরাচালান চক্রের ধরপাকড়: ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৪
মুজিবুর রহমান চৌধুরী,চট্রগ্রামঃ
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের বহিঃনোঙর এলাকায় ভোরবেলায় পরিচালিত এক যৌথ অভিযানে বড় ধরনের চোরাচালান চক্রের তৎপরতা ভণ্ডুল করে দিয়েছে কোস্ট গার্ড ও থানা পুলিশ। অভিযানে ৫৫০ বস্তা সিমেন্ট জব্দের পাশাপাশি চারজন পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল প্রায় ৬টার দিকে পতেঙ্গা থানাধীন সীবিচ সংলগ্ন গভীর সমুদ্র বন্দর ‘আলফা এরিয়া’তে এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন— জামাল উদ্দিন (৬০), আব্দুল মালেক (৫০), মো. জাফর (৪০) এবং মো. এনাম (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সমুদ্রপথে পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
কোস্ট গার্ড ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই নজরদারি বাড়ানো হয় বহিঃনোঙর এলাকায়। এরই ধারাবাহিকতায় ভোরে একটি সন্দেহজনক কার্গো বোট শনাক্ত করা হয়, যেখান থেকে একটি ফিশিং বোটে দ্রুতগতিতে সিমেন্টের বস্তা স্থানান্তর করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত ৫৫০ বস্তা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত কার্গো বোট ও ফিশিং বোট দুটি জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এসব সিমেন্ট অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল, যা সরকারের রাজস্ব ফাঁকি ও বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারত।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।








