প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করতে চায় সরকার: কক্সবাজারে ক্রীড়া প্রতিমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধিঃ
দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে উঠবে।
শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু পড়ালেখা নয়, খেলাধুলাকেও পেশা হিসেবে নিতে তরুণদের উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের মানসিকতা পরিবর্তন জরুরি। তিনি জানান, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ক্রীড়া ভাতা চালু করেছে এবং ক্রীড়া কার্ড প্রদান করছে, যাতে তারা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে “নতুন কুঁড়ি” প্রতিযোগিতার মাধ্যমে সাতটি জনপ্রিয় ইভেন্টে প্রতিভা অন্বেষণ করা হবে। কক্সবাজারে সার্ফিংয়ের সম্ভাবনা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এখানকার তরুণ সার্ফাররা একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
টুর্নামেন্টে শতাধিক সার্ফার অংশগ্রহণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী সার্ফারও রয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কক্সবাজারের গুরুত্বপূর্ণ ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করেন এবং সেগুলোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।








