চট্টগ্রামে হামের প্রকোপ বাড়ছে, নতুন করে ৪ শিশু শনাক্ত
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে আরও ৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সঙ্গে উপসর্গ নিয়ে গতকাল বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬ শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, নতুন শনাক্ত হওয়া শিশুদের মধ্যে দুজন চট্টগ্রাম নগরীর এবং বাকি দুজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১১ জনের শরীরে হাম এবং ১ জনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে।
এদিকে সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে আরও জোরদার কার্যক্রম চালানো হচ্ছে। গতকাল ৩২ জন শিশুর নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মহানগর এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বর্তমানে উপসর্গ থাকা ৮৭ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আক্রান্ত ও সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা নিবিড়ভাবে কাজ করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নেওয়ার ওপর জোর দিচ্ছেন, কারণ টিকাই হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।








