রাউজানে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলার একটি নির্জন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোমরপাড়া এলাকায় একটি ঝোপঝাড়ে পড়ে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগ ঘিরে সন্দেহ তৈরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের সিপিসি-২ (হাটহাজারী ক্যাম্প) এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করেন।
উদ্ধার হওয়া স্থানটি স্থানীয়ভাবে ‘ডাকাত আলম’ নামে পরিচিত এক ব্যক্তির বসতবাড়ির পাশের খালি জমি বলে জানা গেছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








