পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পটুয়াখালীতে উত্তেজনা
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর সদর উপজেলায় চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিম প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মাদারবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিম প্যাদা মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কামাল হাওলাদার নিয়মিত রহিম প্যাদার দোকান থেকে বাকিতে পণ্য নিতেন। এ নিয়ে পূর্ব থেকেই তাদের মধ্যে পাওনা সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে পাওনা টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কামাল হাওলাদারসহ কয়েকজন রহিম প্যাদাকে দোকান থেকে টেনে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জাকের হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতের মেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








