মগবাজারে পাঞ্জাবির দোকান বন্ধ: ওসিকে শোকজ, ২৪ ঘণ্টায় চালুর নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মগবাজার এলাকায় একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে শোকজ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে কিছু ব্যক্তি পুলিশ সদস্যদের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দেয়। এ সময় কয়েকজনকে উগ্র আচরণ করতে দেখা যায় এবং উপস্থিত পুলিশ সদস্যরা কোনো কার্যকর ভূমিকা না নিয়ে নির্লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠে।
আদালত এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নিষ্ক্রিয়তা জনমনে ভীতি ও অনাস্থা সৃষ্টি করতে পারে। এ ধরনের আচরণ পেশাদারিত্বের পরিপন্থী বলেও মন্তব্য করেন আদালত।
এ প্রেক্ষিতে, পুলিশের এমন ভূমিকা কেন আইনবহির্ভূত ও দায়িত্বহীন হিসেবে বিবেচিত হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্ট ওসিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, বন্ধ করে দেওয়া ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ-এর মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।








