পেকুয়ায় স্ত্রী হত্যা: পালানোর চেষ্টায় বিমানবন্দরে ধরা স্বামী, বিচার দাবিতে বিক্ষোভ
পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় পলাতক স্বামী মকসুদ আহমদকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের দিন রাতেই তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপনে চলে যান মকসুদ আহমদ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, “ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের পর পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়া এলাকায় গৃহবধূ শাহিদা বেগম (২৮)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী মকসুদ আহমদ পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করে পালিয়ে যান।
নিহত শাহিদা বেগম স্থানীয় বদিউল আলমের মেয়ে এবং অভিযুক্ত মকসুদ আহমদ কামাল হোসেনের ছেলে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি উঠেছে সর্বমহল থেকে।








