মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল চালকের
নিজস্ব প্রতিবেদকঃ
মীরসরাই-এ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক আইয়ুব (৪০) চৌদ্দগ্রাম উপজেলার বাঘগ্রাম এলাকার বাসিন্দা।
শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর হাদিফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এনামুল হক আইয়ুব নিজেই ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। পথে মীরসরাইয়ের ওই এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
নিয়ন্ত্রণ হারানো গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








