জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী যৌথ বাহিনীর অভিযান
শামীম আল-মামুন (মতিন) ।। চট্রগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর একটি বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোরে ফজরের নামাজের পর সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে এলাকায় প্রবেশ করে অভিযান শুরু করেন।
অভিযানে প্রায় সাড়ে তিন হাজার সদস্য অংশ নিয়েছেন। বিভিন্ন প্রবেশপথ দিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় ঢুকে সম্ভাব্য সন্ত্রাসী আস্তানাগুলো ঘিরে ফেলে যৌথ বাহিনী।
অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা। এর মধ্যে রয়েছে প্রায় ৫৫০ জন সেনাসদস্য, ১,৮০০ জন পুলিশ, ৪০০ জন র্যাব সদস্য, ৩৩০ জন এপিবিএন এবং ১২০ জন বিজিবি সদস্য। অভিযানে সহায়তার জন্য ১৫টি সাঁজোয়া যান (এপিসি), তিনটি ডগ স্কোয়াড এবং তিনটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। অতীতে কয়েকবার অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সম্প্রতি ওই এলাকায় অভিযানের সময় র্যাবের এক কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এলাকাটিকে ঘিরে নতুন করে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। পরে বিভিন্ন সংস্থার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত এই অভিযানে ড্রোন বা ইউএভি প্রযুক্তি ব্যবহার করে এলাকাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেনাবাহিনী পুরো অভিযানের সার্বিক সমন্বয় ও তদারকি করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাস ও অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।








