বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

এবার যুক্তরাষ্ট্রকে ‘না’ বলে দিল আরব আমিরাত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:১৩ এম
এবার যুক্তরাষ্ট্রকে ‘না’ বলে দিল আরব আমিরাত

যুদ্ধের জন্য কোনো পক্ষকেই নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না।

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির মিনিস্টার অব স্টেট ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিম আল হাসিমি বলেছেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট ও পরিমিত। সংযুক্ত আরব আমিরাত কোনো আক্রমণের জন্য তার আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না। আমরা আমাদের সার্বভৌমত্ব এবং নাগরিক, বাসিন্দা ও দর্শকদের নিরাপত্তা রক্ষার অধিকার রাখি।’

রিম আল হাসিমিকে উদ্ধৃত করে জিও টিভির প্রতিবেদনে জানানো হয়, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামকে অঞ্চলব্যাপী হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন
যুদ্ধের কৌশলে পরিবর্তন, সরাসরি মার্কিন ‘যোগাযোগ মেরুদণ্ডে’ আঘাত হানছে ইরান
রিম আল হাসিমি বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্য এবং এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। আরও উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে।’

তিনি জানান, সাম্প্রতিক ইরানি আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাত তেহরানে তার দূতাবাস বন্ধ করেছে এবং রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেছেন, ‘আমরা কখনোই আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে দেব না। সংযুক্ত আরব আমিরাতের কাছে দীর্ঘ সময় ধরে আকাশ থেকে হুমকি মোকাবিলা করার সক্ষমতা সম্পন্ন কৌশলগত প্রতিরক্ষা মজুত রয়েছে।’

দেশটির অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আব্দুল্লা বিন তৌক বলেন, ‘আমাদের খাদ্য ও অপরিহার্য পণ্যের পর্যাপ্ত কৌশলগত মজুত রয়েছে, যা চার থেকে ছয় মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। সরবরাহে কোনো অভাব নেই এবং বাজার মনিটরিং চলছে যাতে অযথা দাম বৃদ্ধি না হয়।’

‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক রিপোর্ট | এমবি টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহ দিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন ভারতের নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানু। তবে ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠার পর তাকে পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তার বদলির খবর প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত বুশরা বানুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ভিডিওতে তিনি জানান, পিএইচডি সম্পন্ন করার পর সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফিরে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সহযোগিতা করেছিল।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। বই, মক টেস্টসহ পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করেন তিনি।

তবে ভিডিওর শুরুতে ইসলামিক অভিবাদন ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সরকারি পদে থাকা একজন কর্মকর্তার জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত।

এরপর বুশরা বানুর বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও বিতর্ক। এক পক্ষ তার সরকারি পদে থেকে এ ধরনের শব্দ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, অনেকে মনে করছেন, একজন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত ধর্মীয় অভিবাদন ব্যবহার করলেই তা সরকারি নিরপেক্ষতার পরিপন্থী হয়ে যায় কি না—সে প্রশ্নও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সমালোচকদের একটি অংশ আরও প্রশ্ন তুলেছেন, ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজস্ব অভিবাদন ও সাংস্কৃতিক অভিব্যক্তি ব্যবহারের অধিকার কীভাবে সরকারি দায়িত্বের নিরপেক্ষতার সঙ্গে সমন্বয় করা হবে।

ঘটনাটি ইতোমধ্যে ভারতে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ধর্মীয় অভিব্যক্তি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং দেশের বহুত্ববাদী সামাজিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া