কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক
কক্সবাজারের পর্যটনকেন্দ্রিক হোটেলগুলোতে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হোটেলটির পার্কিং এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিসকর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু সরঞ্জাম ও স্থাপনার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্কিং এলাকার জেনারেটরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ঘটনায় কোনো পর্যটক বা হোটেলকর্মী হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় পর্যটন খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।





