শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | এমবি টিভি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ব্রাজিল

-সংগৃহীত ছবি

প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। তৃতীয় মিনিটেই গাব্রিয়েল বন্তেম্পোর পাস থেকে আড়াআড়ি শটে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যান্ডারসন।

তবে ২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ডি-বক্সের ভেতর থেকে জোরালো ভলিতে গোল করেন আলেসান্দ্রো সার্কাটি। এর পাঁচ মিনিট পরই স্বাগতিকদের এগিয়ে দেন কনর মেটকাফ। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া গতিময় শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনিয়া। ফলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল। ৭০ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামা এন্দ্রিকের কাটব্যাক থেকে কাছ থেকে গোল করে ব্রাজিলকে আবারও এগিয়ে দেন ব্রুনো গিমারাইস।

এর ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। স্পট কিক থেকে গোল করে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ফলে দুই ম্যাচের প্রীতি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

শ্রমিক অসন্তোষে বড় সংকট, আশুলিয়ায় ২১০ পোশাক কারখানা বন্ধের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম
শ্রমিক অসন্তোষে বড় সংকট, আশুলিয়ায় ২১০ পোশাক কারখানা বন্ধের শঙ্কা

শ্রমিক অসন্তোষ ও উৎপাদন কার্যক্রমে অচলাবস্থার কারণে আশুলিয়া ও সাভারের ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকেরা। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে বৈঠকে কারখানা বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা এবং রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ নভেম্বর) আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ নিচ্ছেন না। কেউ কেউ হাজিরা দিয়েই কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। আবার কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, জরুরি বৈঠকে উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী আশুলিয়াসহ শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার সব সদস্যকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ বলেন, একদিকে শ্রমিকেরা কারখানায় কাজ করছেন না, অন্যদিকে কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটছে। একই সময়ে মজুরি নিয়েও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। কোনো কোনো কারখানায় ১১ দিন ধরে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের বেতন পরিশোধ নিয়েও মালিকেরা উদ্বিগ্ন।

শিল্প সংশ্লিষ্টদের মতে, আশুলিয়া ও সাভার এলাকায় হা-মীম, নিউ এজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোর মতো বড় পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিজিএমইএর সূত্র অনুযায়ী, এসব এলাকার কারখানাগুলোতে প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। ফলে ২১০টি কারখানা বন্ধ হলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইতিমধ্যে কয়েকটি কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দিয়েছেন। এ ধারায় অবৈধ ধর্মঘটের পরিস্থিতিতে নিয়োগকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে পারেন। তবে এ ধরনের বন্ধের ক্ষেত্রে শ্রমিকদের মজুরি পাওয়ার বিষয়ে আইনে নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে।

এদিকে, কারখানা বন্ধের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে রপ্তানি খাতেও। চলমান ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ে উৎপাদন ও সরবরাহ করা কঠিন হয়ে পড়তে পারে। অন্য কারখানাগুলোতে আগে থেকেই উৎপাদনের চাপ থাকায় বন্ধ কারখানার কাজ সেখানে স্থানান্তর করাও সহজ হবে না।

এ ছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কারখানা, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের শর্ত থাকায় বিকল্প কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে পণ্য উৎপাদন করাও কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, অন্য কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন করা সব সময় সম্ভব নয়। এ পরিস্থিতিতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এমনকি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।

এর আগে শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানা বন্ধের উদ্যোগ নিয়েছিল বিজিএমইএ। তবে সরকারের অনুরোধে সে সময় মালিকেরা কারখানা চালু রাখেন। এর মধ্যে নতুন মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর গাজীপুর, রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকেরা কাজে ফিরলেও আশুলিয়া ও সাভারের কিছু এলাকায় অসন্তোষ অব্যাহত রয়েছে।

শিল্পমালিকদের মতে, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে শুধু কারখানার মালিকেরাই ক্ষতিগ্রস্ত হবেন না, শ্রমিকদের আয়, বিদেশি ক্রেতাদের আস্থা এবং দেশের রপ্তানি আয়ও ঝুঁকির মুখে পড়বে। তাই দ্রুত শ্রমিক অসন্তোষ নিরসন করে শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি।