জুলাই শহীদদের বিচার দাবির বদলে সরকার পতনের মিছিল জনগণ ভালোভাবে নিচ্ছে না: খোকন তালুকদার
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জুলাই আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত না করে সরকার পতনের দাবিতে মিছিল করাকে জনগণ ইতিবাচকভাবে দেখছে না। তিনি বলেন, “যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাঈদ, মুগ্ধসহ গত ১৭ বছরে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় নিহতদের খুনিদের বিচার ও ফাঁসির দাবিতে রাজপথে আন্দোলন হওয়া উচিত ছিল।”
শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমিতিরহাট বাজারে আয়োজিত নির্বাচনী-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান সরকারকে টেনে-হিঁচড়ে নামানোর হুমকি দিয়ে মিছিল করা হচ্ছে। কিন্তু জনগণ এখন বিচার ও জবাবদিহিতা চায়। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদের হত্যাকারীদের বিচারের দাবি তুলতে হবে।”
সভায় তিনি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। খোকন তালুকদার বলেন, “আমরা অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন চাই। তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন, সারা দেশের বিএনপির নেতাকর্মীরাও ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে জুলাই সনদের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা সামিম মোল্লা ও মামুন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








