খাগড়াছড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাহিনূর আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী আবুল কালাম কোদাল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহিনূরের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী আবুল কালামের দাবি, দুজনের হাতাহাতির সময় কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই বক্তব্য দিয়েছেন আবুল কালামের মা খাদিজা বেগম।
তবে নিহতের বাবা আবু তাহের অভিযোগ করে বলেন, তার মেয়ে মাহিনূরকে পরিকল্পিতভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় মাহিনূরের শাশুড়ির সম্পৃক্ততার অভিযোগও তোলেন।
নিহত মাহিনূর আক্তার গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে। তিনি দুই শিশু সন্তানের জননী ছিলেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








