সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে চট্টগ্রামে শুরু হচ্ছে ব্যতিক্রমী ‘ঈদ আনন্দ উৎসব’
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী এক আনন্দঘন আয়োজন শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে। “কাউকে নয় অবহেলা, ঈদ হোক সবার মেলা”—এই স্লোগানকে সামনে রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘ঈদ আনন্দ উৎসব’।
ঈদের দিন ও পরদিন অনুষ্ঠিতব্য এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রাখা হয়েছে নানান বিনোদনমূলক কার্যক্রম। থাকবে আকর্ষণীয় রাইডস, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, এবং সারাদিনজুড়ে খাবারের বিশেষ আয়োজন। দিনশেষে গানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে শেষ হবে প্রতিদিনের আয়োজন।
শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এ উৎসবের উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং তাদের জন্য একটি স্মরণীয় দিন উপহার দেওয়া। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়।
তিনি আরও জানান, দুই দিনের এই আয়োজনে কয়েক হাজার শিশু অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে, যা তাদের জীবনে এক ভিন্নধর্মী আনন্দের স্মৃতি হয়ে থাকবে।








