ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক যুবক ও এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার সকালে সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কিশোর এবং সন্ধ্যায় কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ চৌধুরী নামের এক যুবকের মৃত্যু হয়। শুভ বারবাজার এলাকার বেলাট গ্রামের বিদ্যুৎ চৌধুরীর ছেলে এবং পেশায় মুঠোফোন মেকানিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর বারবাজার এলাকার আউলিয়া মসজিদের পশ্চিম পাশে রেললাইনের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন শুভ। এ সময় অসাবধানতাবশত তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
বারবাজার রেলওয়ে স্টেশনমাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বারবাজার এলাকা ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি ইতিমধ্যে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
অন্যদিকে, সকালে ঝিনাইদহ সদরের নৃসিংহপুর এলাকায় ট্রাকের চাপায় হুসাইন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। হুসাইন কয়েরগাছি গ্রামের শাহীন রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলে করে ইটভাটায় কর্মরত শ্রমজীবী বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছিল হুসাইন। নৃসিংহপুর ইটভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়িবোঝাই ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হুসাইন চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।








