ফটিকছড়িতে বেয়াইন হত্যার অভিযোগে বেয়াই আটক, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক নারীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নিহত নারীর বেয়াইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের একটি গ্রামে। নিহত নারী অভিযুক্ত ব্যক্তির মেয়ের শাশুড়ি বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ সাবা দীর্ঘদিন ধরে তার বেয়াইনকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের বিল এলাকা থেকে গরু নিয়ে ফেরার পথে নির্জন স্থানে ওই নারীকে একা পেয়ে জোরপূর্বক অসদাচরণের চেষ্টা করেন তিনি। এতে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে গলা চেপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে মরদেহটি পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাঁশঝাড়ের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মোহাম্মদ সাবাকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় সমাজপতি মোহাম্মদ ইউনুস বলেন, “এটি অত্যন্ত নৃশংস ঘটনা। এমন অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন।”
নিহতের স্বজনরা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই বাড়িতে এসে নিহত নারীকে বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল।
ফটিকছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।





