বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ঘরমুখো মানুষের স্বস্তি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৫২ পিএম
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ঘরমুখো মানুষের স্বস্তি
নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে ঈদের এই দীর্ঘ ছুটি। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি অফিস আদালত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া ২৪ মে স্বাভাবিক কর্মদিবস হিসেবে অফিস কার্যক্রম পরিচালিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষের চাপ কমানো, যাত্রা নির্বিঘ্ন রাখা এবং পরিবার-পরিজনের সঙ্গে স্বস্তিতে সময় কাটানোর সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে মহাসড়ক, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হয়। টানা ছুটি থাকলে মানুষ ধাপে ধাপে বাড়ি ফিরতে পারবেন, এতে যানজট ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে দীর্ঘ ছুটির ঘোষণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও স্বস্তি দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, পরিবার ও স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ এবারের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে টানা কয়েক দিনের ছুটি মানসিক প্রশান্তি এনে দেবে এবং ঈদ উদযাপন হবে আরও আনন্দমুখর।

‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক রিপোর্ট | এমবি টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহ দিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন ভারতের নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানু। তবে ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠার পর তাকে পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তার বদলির খবর প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত বুশরা বানুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ভিডিওতে তিনি জানান, পিএইচডি সম্পন্ন করার পর সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফিরে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সহযোগিতা করেছিল।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। বই, মক টেস্টসহ পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করেন তিনি।

তবে ভিডিওর শুরুতে ইসলামিক অভিবাদন ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সরকারি পদে থাকা একজন কর্মকর্তার জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত।

এরপর বুশরা বানুর বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও বিতর্ক। এক পক্ষ তার সরকারি পদে থেকে এ ধরনের শব্দ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, অনেকে মনে করছেন, একজন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত ধর্মীয় অভিবাদন ব্যবহার করলেই তা সরকারি নিরপেক্ষতার পরিপন্থী হয়ে যায় কি না—সে প্রশ্নও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সমালোচকদের একটি অংশ আরও প্রশ্ন তুলেছেন, ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজস্ব অভিবাদন ও সাংস্কৃতিক অভিব্যক্তি ব্যবহারের অধিকার কীভাবে সরকারি দায়িত্বের নিরপেক্ষতার সঙ্গে সমন্বয় করা হবে।

ঘটনাটি ইতোমধ্যে ভারতে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ধর্মীয় অভিব্যক্তি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং দেশের বহুত্ববাদী সামাজিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া