চট্টগ্রামে ২২ মামলার আসামি ‘ডিপজল’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযানে একাধিক গুরুতর মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী সাত্তার শাহ ওরফে ডিপজল ওরফে শওকত (৪৬)-কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (৫ মে) নগরীর বাকলিয়া থানার তুলাতলি জামাই বাজার এলাকা থেকে তাকে একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
পুলিশ জানায়, নগর পুলিশের কমিশনারের নির্দেশনায় দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার সাত্তার শাহ চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং বিভিন্ন মামলায় পলাতক ছিলেন।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২২টি মামলা রয়েছে। এসব মামলা কোতোয়ালী, পাহাড়তলী, ইপিজেড, পতেঙ্গা, বাকলিয়া, চান্দগাঁও, পটিয়া ও হাটহাজারী থানায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








