একদিনের সফরে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যস্ত সূচি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন
-সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদকঃ
একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তিনি সরাসরি যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে। সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সুরমা নদীর তীরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে ‘সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন, বন্যা প্রতিরোধ এবং অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এছাড়া প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি, যা স্থানীয় জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো সিলেটে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, গত রাত থেকেই সিলেটে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকেও ভারী বর্ষণ অব্যাহত থাকায় নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে, যা প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।








