সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫০ পিএম
লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) শিশুর মর্মান্তিক মৃত্যু

ইউসুফ হোসাইন লালপুর,নাটোর প্রতিনিধি‎ঃ

নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ ওই এলাকার আল আমিনের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়িতে ব্যাটারিচালিত রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা আল আমিন।

এ সময় তিনি চিৎকার দিলে ঘর থেকে দৌড়ে আসে শিশু আব্দুল্লাহ। বাবার অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরতেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শিশুটির মা দ্রুত মেইন সুইচ বন্ধ করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ। তবে প্রাণে বেঁচে যান বাবা আল আমিন।প্রত্যক্ষদর্শীরা জানান, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা। মা বারবার মূর্ছা যাচ্ছেন, আর বাবা আল আমিন শোকাহত কণ্ঠে বলছেন—তিনি মারা গেলে ছেলেটি বেঁচে থাকলে শান্তি পেতেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আব্দুল্লাহর দাফন সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু  (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।