মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ১৭ মে ফেরার সম্ভাবনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম
চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ১৭ মে ফেরার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ

চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন সফরে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটি হবে তার প্রথম বিদেশ সফর। সফর শেষে আগামী ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির এই সফরে তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল সঙ্গে থাকবেন। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে তিনি সিঙ্গাপুর-এ একটি কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। পরবর্তীতে নিয়মিত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবেই তার এই সফরের পরিকল্পনা করা হয়েছে।

রাষ্ট্রপতি একাধিক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। তিনি জানান, সিঙ্গাপুরের একটি হাসপাতাল এবং লন্ডনের একটি চিকিৎসাকেন্দ্রে তার পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকলেও সে সময় তার বিদেশযাত্রা আটকে দেওয়া হয়। বিকল্প হিসেবে বিদেশ থেকে চিকিৎসক আনার প্রস্তাব দেওয়া হলেও বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, সে সময় তাকে কার্যত বঙ্গভবনে সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশগ্রহণেও বাধা দেওয়া হয়। এই পরিস্থিতিকে তিনি ‘গৃহবন্দি’ অবস্থার সঙ্গে তুলনা করেন।

রাষ্ট্রপতির আসন্ন লন্ডন সফরকে তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চিকিৎসা শেষে তিনি পুনরায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্রিয় হবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।