বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি চৌধুরী স্থানীয় নন্দীপাড়া এলাকার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। তিনি নিজ বাড়িতে মুরগির খামার পরিচালনার পাশাপাশি এলাকায় শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনি করাতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রনি প্রতিদিনের মতো খামারে কাজ করতে যান। এ সময় খামারের বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে নাস্তার জন্য ডাকতে গিয়ে রনির মা তাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, সকাল ১০টার দিকে রনিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিদ্যুৎ সংযোগ ব্যবহারে অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ তারের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা খামারসহ ঘরোয়া বিদ্যুৎ ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন, সঠিক ওয়্যারিং এবং নিরাপদ সুইচ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।








