বোদায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই: তৃণমূল থেকে ভবিষ্যৎ তারকা খোঁজার আয়োজন
পঞ্চগড়, বোদা প্রতিনিধিঃ
“তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন”—এই লক্ষ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। স্থানীয় পর্যায়ে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এ আয়োজনকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মঙ্গলবার বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১২ থেকে ১৪ বছর বয়সী বালক ও বালিকাদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে শুরু হওয়া বাছাই কার্যক্রমে ফুটবল, ক্রিকেট, দৌড়সহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টেই অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও প্রতিযোগিতামূলক মনোভাব ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, যিনি বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই দক্ষ খেলোয়াড় গড়ে তোলার জন্য সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য খেলোয়াড়দের বাছাই করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে বোদা উপজেলার সুনাম বয়ে আনতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ, ক্রীড়া সংগঠক মোফাজ্জল হোসেন বিপুল এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে আনা সম্ভব হচ্ছে। নির্বাচিত খেলোয়াড়রা পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে, যা তাদের ক্রীড়া জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে তৃণমূল পর্যায়ের খেলাধুলা আরও গতিশীল হবে এবং দেশ পাবে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ।





