নবাগত জেলা প্রশাসকের কিশোরগঞ্জে যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি:
অদ্য মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) সকাল ৯টা ৩০ মিনিটে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে কিশোরগঞ্জে যোগদান করেন জনাব মিস সোহানা নাসরিন। দায়িত্ব গ্রহণের পরপরই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত এই বরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবাগত জেলা প্রশাসক মিস সোহানা নাসরিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ জেলাকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলায় রূপান্তর করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে। তিনি নবাগত জেলা প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।








