তাপস দম্পতির ব্যাংক লেনদেনে কড়াকড়ি, ক্রেডিট কার্ডের ডেবিট বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আদালতে এসব আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে তাপস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার সম্পদের মালিক হয়েছেন। তার নামে ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার বেশি এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
এছাড়া অপর আবেদনে বলা হয়, আফরিন তাপস তার স্বামীর সঙ্গে যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন। তার ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি টাকার বেশি এবং বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত।
দুদক জানায়, তদন্ত চলাকালে অভিযুক্তরা যাতে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করতে না পারেন, সেজন্য তাদের কার্ডগুলোর ডেবিট কার্যক্রম ব্লক করা প্রয়োজন। আদালত এ প্রেক্ষিতে আদেশ প্রদান করেন।





