১৮ দিনের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম, ১২ কেজি এখন ১,৯৪০ টাকা
নিজস্ব প্রতিবেদকঃ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে চলতি মাসেই দ্বিতীয়বারের মতো এই জ্বালানির মূল্য বৃদ্ধি পেল।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে, গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারও ২১২ টাকা বাড়ানো হলো।
এরও আগে এপ্রিলের শুরুতেই ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল, যা ছিল ৩৮৭ টাকার বড় ধরনের বৃদ্ধি। সব মিলিয়ে এক মাসের কম সময়ের মধ্যে দফায় দফায় মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের ওপর চাপ আরও বেড়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, জাহাজ ভাড়া, ট্রেডারদের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের দামের পরিবর্তন বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ঘন ঘন মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ে নতুন চাপ সৃষ্টি করবে।








