সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পার্বত্যাঞ্চলের উন্নয়নে বড় পরিকল্পনা: শিক্ষা, অবকাঠামো ও পর্যটনে জোর, বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম
পার্বত্যাঞ্চলের উন্নয়নে বড় পরিকল্পনা: শিক্ষা, অবকাঠামো ও পর্যটনে জোর, বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও পর্যটন খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে।

বৃহস্পতিবার বান্দরবান জেলার সূয়ালক ইউনিয়নে অবস্থিত ম্রো কমপ্লেক্স শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি পার্বত্য এলাকার সার্বিক উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে জিয়াউর রহমান বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ম্রো কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকারের নির্দেশনায় এই প্রতিষ্ঠানকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান এবং উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বীন মুহাম্মদ ইয়াছির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তারা।

মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে এ অঞ্চলের জনগণকে স্বাবলম্বী করে তোলা হবে।

তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় পার হলেও ধাপে ধাপে সব খাতে উন্নয়ন দৃশ্যমান হবে। পার্বত্য অঞ্চলের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া এর রুহের মাগফেরাত কামনায় খাবার বিতরণ করা হয়।

পরে তিনি সূয়ালক মাঝেরপাড়ায় মারমা সম্প্রদায়ের আয়োজিত ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের জলকেলি অনুষ্ঠানের উদ্বোধন করেন, যা স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।