বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

আন্দামানে ট্রলারডুবি: নিখোঁজ বহু, জীবিত উদ্ধার ৯

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ পিএম
আন্দামানে ট্রলারডুবি: নিখোঁজ বহু, জীবিত উদ্ধার ৯

নিজস্ব প্রতিবেদকঃ

অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার আন্দামান সাগরের কাছে ডুবে যাওয়ার ঘটনায় কক্সবাজারের মহেশখালী ও পেকুয়াসহ বিভিন্ন এলাকার বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি ও ৩ জন রোহিঙ্গাসহ মোট ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল কক্সবাজারের ইনানী ও টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাদের ছোট নৌকায় করে একটি বড় ট্রলারে তোলা হয়। প্রায় ২৭৭ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। আট দিনের মাথায় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বেঁচে ফেরা যাত্রীরা জানান, দুর্ঘটনার পর তারা পানির বোতল ও তেলের ট্যাংক ধরে দুই দিন সাগরে ভাসতে থাকেন। পরে একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে।

এদিকে মহেশখালী ও পেকুয়ার বিভিন্ন এলাকায় নিখোঁজদের বাড়িতে চলছে আহাজারি। পেকুয়া উপজেলায় অন্তত ১২ জন এবং বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

পরিবারগুলোর অভিযোগ, দালালের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় তারা এই ঝুঁকিপূর্ণ যাত্রায় পা বাড়িয়েছিলেন। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

ঘটনার পর কোস্ট গার্ড মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িত দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সক্রিয় মানবপাচার চক্রকে দ্রুত দমন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক রিপোর্ট | এমবি টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহ দিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন ভারতের নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানু। তবে ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠার পর তাকে পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তার বদলির খবর প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত বুশরা বানুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ভিডিওতে তিনি জানান, পিএইচডি সম্পন্ন করার পর সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফিরে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সহযোগিতা করেছিল।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। বই, মক টেস্টসহ পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করেন তিনি।

তবে ভিডিওর শুরুতে ইসলামিক অভিবাদন ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সরকারি পদে থাকা একজন কর্মকর্তার জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত।

এরপর বুশরা বানুর বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও বিতর্ক। এক পক্ষ তার সরকারি পদে থেকে এ ধরনের শব্দ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, অনেকে মনে করছেন, একজন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত ধর্মীয় অভিবাদন ব্যবহার করলেই তা সরকারি নিরপেক্ষতার পরিপন্থী হয়ে যায় কি না—সে প্রশ্নও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সমালোচকদের একটি অংশ আরও প্রশ্ন তুলেছেন, ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজস্ব অভিবাদন ও সাংস্কৃতিক অভিব্যক্তি ব্যবহারের অধিকার কীভাবে সরকারি দায়িত্বের নিরপেক্ষতার সঙ্গে সমন্বয় করা হবে।

ঘটনাটি ইতোমধ্যে ভারতে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ধর্মীয় অভিব্যক্তি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং দেশের বহুত্ববাদী সামাজিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া