বনানীর বহুতল ভবনে ভয়াবহ আগুন: তীব্রতা বাড়ায় নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর অভিজাত এলাকা বনানীতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪৪ নম্বর একটি বহুতল ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তলায় একটি কাপড়ের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে তারা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরও ইউনিট যোগ হয়ে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় অতিরিক্ত ইউনিট যুক্ত করা হয়েছে।”
এদিকে, আগুন লাগার পর ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দ্রুত ভবন থেকে নিচে নেমে আসতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রমও চালানো হচ্ছে।
তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তদন্ত শুরু করবে বলে জানা গেছে।





