হাটহাজারীতে মর্মান্তিক ঘটনা: দুই মাসের শিশুকন্যাকে আছাড়ে হত্যা,পলাতক পিতা—আটক চাচা
হাটহাজারী প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে নির্মম ও হৃদয়বিদারক এক ঘটনায় মাত্র দুই মাস বয়সী শিশু কন্যা সাপরিনা জান্নাত মাহিরাকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার নিজ পিতা মো. ওসমান গণির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়া মুরাদপুর গ্রামে ইব্রাহীম মেম্বারের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতর পারিবারিক কথাকাটাকাটির এক পর্যায়ে রং মিস্ত্রি মো. ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। সে সময় তাদের দুই মাস বয়সী কন্যা মাহিরা মায়ের কোলে ছিল। হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওসমান গণি শিশুটিকে মায়ের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নিয়ে উপর থেকে মাটিতে পরপর দুইবার আছাড় মারেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত পিতা ওসমান গণি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
পুলিশ নিহত শিশুর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য মো. মুসা জানান, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত পিতা পালিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুটির চাচা রোমান (২৫) কে আটক করা হয়েছে। অভিযুক্ত পিতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।





