দ্রুত নিয়ন্ত্রণে আগুন, বড় বিপদ থেকে বাঁচলো চিটাগাং শপিং কমপ্লেক্স
শামীম আল-মামুন(মতিন),চট্রগ্রামঃ
চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিচতলার একটি কসমেটিক্স দোকানের প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
গতকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ওই সময় শপিং কমপ্লেক্সে কোনো ক্রেতা বা দোকানের মালিক-কর্মচারী উপস্থিত ছিলেন না, ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগুনটি একটি দোকানেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে এবং ফায়ার ফাইটারদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়েনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








