কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীরের আস্তানায় হামলা, এক ব্যক্তি নিহত
আসলাম হোছাইন (মধু),কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কথিত এক পীরের আস্তানায় হামলা চালিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
শনিবার (আজ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। তিনি স্থানীয় জেছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম রেজা ঢাকায় পড়াশোনা শেষে শিক্ষকতা করতেন এবং পরে এলাকায় ফিরে একটি ধর্মীয় আস্তানা গড়ে তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ভিডিওটিতে ধর্ম অবমাননাকর বক্তব্য রয়েছে—এমন অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই বিক্ষুব্ধ জনতা আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং শামীম রেজাকে মারধর করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, “ভিডিওটি ছিল পুরোনো। সেটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় কুষ্টিয়া জেলার কুষ্টিয়া দৌলতপুর উপজেলা ও ফিলিপনগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।








