মুরগির খামারে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা
টেকনাফে মালিক পলাতক, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ প্রায় ৫ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি দল হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। এ সময় নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির খামারে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি প্যাকেটে মোট প্রায় ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ১৫ কোটি টাকা।
এ ঘটনার পর খামারের মালিক নুরুল হোসাইন পলাতক রয়েছেন। তিনি একই এলাকার গুরা মিয়ার ছেলে বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নুরুল হোসাইনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।








