যুবদল কর্মীর কবজি বিচ্ছিন্নের ঘটনায় দুর্ধর্ষ সন্ত্রাসী তুহিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীতে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার আলোচিত ঘটনায় প্রধান অভিযুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী সৈয়দ মো. তুহিন (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার দুপুরে পটিয়া থানার আমিরভান্ডার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তুহিন নগরীর কোতোয়ালী থানাধীন বদর আউলিয়া মাজার সংলগ্ন ২৪নং বদরপাতি লেইনের খাদেম বাড়ির বাসিন্দা। সে মৃত সৈয়দ মো. জামান ওরফে ছৈয়দুজ্জামান ওরফে জামাল ফকিরের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত ৬ এপ্রিল সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় মিনহাজ উদ্দিন নামে এক যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তুহিনকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তুহিন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ২০১৫ সাল থেকে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে একাধিক মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাও অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজ উদ্দিনের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। নগরীর বলুয়ার দীঘির পাড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
গ্রেপ্তারের পর অভিযুক্ত তুহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





