সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ভোরের ঝড়ে তছনছ মহেশখালী: ঘরবাড়ি বিধ্বস্ত, পান বরজ-লবণক্ষেতে কোটি টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:২৪ পিএম
ভোরের ঝড়ে তছনছ মহেশখালী: ঘরবাড়ি বিধ্বস্ত, পান বরজ-লবণক্ষেতে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। ভোররাতে আকস্মিকভাবে আঘাত হানা এই ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উপকূলীয় অর্থনীতির দুই প্রধান খাত—পান চাষ ও লবণ উৎপাদনে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এই ঝড়টি স্থায়ী হয়েছিল মাত্র ১০ থেকে ১৫ মিনিট। তবে স্বল্প সময়ের এই ঝড়ের দমকা হাওয়া ও বৃষ্টিপাত এতটাই তীব্র ছিল যে পুরো উপজেলাজুড়ে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঝড়ের সময় অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ প্রবল শব্দ ও বাতাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। মহেশখালী পৌরসভা, ছোট মহেশখালী, বড় মহেশখালী ও হোয়ানক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে বসতবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যুতের লাইনের ওপর। এতে একদিকে যেমন ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

গোনাপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেন জানান, হঠাৎ প্রচণ্ড ঝড়ে একটি বিশাল বটগাছ তার ঘরের ওপর ভেঙে পড়ে। এতে তার মাটির দেয়াল ও টিনের ছাউনি মুহূর্তেই ধসে পড়ে এবং পরিবার নিয়ে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বড় মহেশখালীর হেলাল উদ্দিন বলেন, “ঝড়টি খুব অল্প সময় স্থায়ী হলেও মনে হচ্ছিল সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। অনেক ঘরের চাল উড়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে চারদিকে।”

উপকূলীয় এই অঞ্চলের অর্থনীতিতে বড় আঘাত হেনেছে ঝড়টি। বিশেষ করে পান চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রবল বাতাসে অসংখ্য পানের বরজ ভেঙে পড়েছে, যা পুনর্গঠনে সময় ও অর্থ—দুটোই লাগবে অনেক। স্থানীয় কৃষকদের মতে, এতে কোটি টাকার ক্ষতি হতে পারে।

অন্যদিকে লবণ চাষিরাও পড়েছেন বিপাকে। মৌসুমের একেবারে শেষ সময়ে মাঠে মজুদ থাকা লবণ আকস্মিক বৃষ্টি ও ঝড়ে গলে গিয়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি করেছে। হোয়ানক ও কালারমারছড়া এলাকার লবণ চাষিরা জানান, তাদের কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে গেছে।

ঝড়ের তীব্রতায় অনেক বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো মহেশখালী উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে রাতভর ও সকাল পর্যন্ত জনজীবন অচল হয়ে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন। তবে সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রতি বছর এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘমেয়াদি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ কমছে না। তারা দ্রুত ক্ষতিপূরণ ও টেকসই অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।