বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৪
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ অন্তত ৪ জন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
শনিবার (রাত) মিয়া খান নগরের ময়দার মিল থেকে স্কুলমাঠ রোড এলাকায় মোরশেদ খান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলে গুলি ও ধারালো অস্ত্রের মহড়া, এতে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
আহতরা হলেন—মো. হাছান (২৬), ফাহিম (১২), জসিম (২৪) ও ইসমাইল মিয়া (৫০)। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের সবার পায়ে ছররা গুলির আঘাত রয়েছে।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর বাকলিয়া থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া মো. ফারুক হোসেন (৫০) নামে এক পলাতক আসামির মিয়া খান নগরের ইলিয়াছ কলোনির বাসা থেকে একটি দেশীয় শটগান, দুই রাউন্ড গুলি এবং দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, “গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
প্রসঙ্গত, সংঘর্ষে জড়িত মোরশেদ খান নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশের ৩০০ জন সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে এসে পুনরায় সক্রিয় হন।





