অভিযানের খবরে স্কেভেটর ফেলে পালাল পাহাড়খেকো চক্র, দুইটি যন্ত্র জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় নিধনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে স্কেভেটর ফেলে পালিয়েছে সংশ্লিষ্টরা। ঘটনাস্থল থেকে দুইটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে অবৈধভাবে পাহাড় কাটার খবর পায় প্রশাসন। অভিযোগ রয়েছে, মো. মনির হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল।
খবরের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অভিযানের সময় পাহাড় কাটার সঙ্গে জড়িতরা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুইটি স্কেভেটর জব্দ করা হয় এবং পাহাড় কাটার সুস্পষ্ট আলামত পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা জানান, “অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন এবং থানার এসআই তারেকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মানিকছড়ির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত পাহাড় কেটে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় ধ্বংস করেছে এই চক্র। মাঝে মাঝে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও এখনো পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড।








