বায়েজিদে র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার, পলাতক শীর্ষ সন্ত্রাসীর সহযোগী
শামীম আল-মামুন (মতিন),চট্রগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র্যাব-৭। অভিযানের সময় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মুহাম্মদ ইরফান পালিয়ে যায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নেজাম হামজা সড়কের একটি ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে মাদক বেচাকেনার প্রস্তুতি চলছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-৭ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান টের পেয়ে ইরফান দ্রুত সটকে পড়লেও র্যাব সদস্যরা ফ্ল্যাটটিতে তল্লাশি চালায়। এসময় শয়নকক্ষের খাটের পাশের ড্রয়ার থেকে একটি হলুদ শপিং ব্যাগে মোড়ানো বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। জব্দ করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাতক ইরফানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।








