রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান: অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার, আটক নেই
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব–১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক সোমবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৩টার দিকে র্যাব–১৫ এর সিপিসি–১ এর একটি দল উখিয়ার ক্যাম্প–৮ ইস্টের বি/৬৬ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের শেল্টারে তল্লাশি চালানো হয়।
অভিযানে একটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান এবং ২ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৫ থেকে ৭ জোড়া সামরিক ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়েছে।
তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





