হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত শুরু
হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে জুলি আকতার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জুলি আকতার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলী ও পারভীন আকতার দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তবে পরিবারটি বর্তমানে পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিল, সেখানেই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরীর লাশ আনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
লাশ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) আলতাফ জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।





