নানা বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাখাওয়াত হোসেন (২ বছর ২ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শুয়াইবের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে সাখাওয়াত তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে সে বাড়ির সামনের উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের ছুটিতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।





