প্রটোকল ভেঙে কবরেই নেমে দাফন কাজে প্রতিমন্ত্রী, মানবিকতায় মুগ্ধ জনতা
ময়মনসিংহ প্রতিনিধি:
রাষ্ট্রীয় প্রটোকলের গণ্ডি পেরিয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে মরদেহ দাফনে অংশ নেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। এ সময় পথিমধ্যে একটি কবরস্থানে দাফন কার্যক্রম চলতে দেখে তিনি গাড়িবহর থামানোর নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা নিরাপত্তাজনিত বাধা উপেক্ষা করে তিনি সরাসরি কবরস্থানে যান এবং নিজ হাতে মরদেহ খাটিয়া থেকে নামিয়ে কবরে শায়িত করার কাজে অংশ নেন। একজন মন্ত্রীর এমন সরল ও মানবিক আচরণ উপস্থিত সবার মাঝে বিস্ময় ও আবেগের সৃষ্টি করে।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে তারা অভিভূত হয়েছেন। একইসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, এ ধরনের দৃশ্য কল্পনারও বাইরে—এতে প্রতিমন্ত্রীর সাদামাটা জীবনযাপন ও মানুষের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, পদমর্যাদার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত বর্তমান সমাজে বিরল। এটি অন্য জনপ্রতিনিধিদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।
দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি পুনরায় তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।





