সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইছামতির তীরে শেখরনগরে মেলা এখন সর্বজনীন উৎসব

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম
ইছামতির তীরে শেখরনগরে মেলা এখন সর্বজনীন উৎসব

 

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর এখন উৎসবের জনপদ। ইছামতি নদীর তীরে ৫৩২ বছরের প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হয়ে আবারও শুরু হয়েছে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা ও ঐতিহাসিক কালী মেলা। বাংলা ৯০১ সন থেকে চলে আসা এই উৎসব আজ কেবল হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রূপ নিয়েছে এক বিশাল সর্বজনীন মিলনমেলায়।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। বিশেষ করে ভারত ও নেপাল থেকেও অসংখ্য দর্শনার্থী ভিড় জমিয়েছেন এই তীর্থস্থানে। বুধবার ভোর ৫টা থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী ‘পাঠাবলি’ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধীরেন চন্দ্র দাসের তথ্যমতে, প্রায় ৩ হাজারেরও বেশি পাঠা এখানে মানত হিসেবে বলি দেওয়া হয়। এছাড়া কবুতরসহ নানা উপচার নিয়ে ভক্তরা মায়ের চরণে শ্রদ্ধা নিবেদন করেন।

ইছামতি নদীর দুই পাড় ঘেঁষে বসা এই মেলা চলে চার দিনেরও বেশি সময় ধরে। মেলায় গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যের ছোঁয়া স্পষ্ট। কী নেই এখানে?
লোহার তৈরি দা, বটি, কোদাল থেকে শুরু করে বাঁশের তৈরি কুলা-ডালা ও চালুন। নাগরদোলা, হর্স রেস এবং ছোট রেলগাড়িতে চড়ে আনন্দ উল্লাসে মেতেছে শিশুরা। বাহারি মিষ্টির দোকান আর রঙিন সব কসমেটিকসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

পূজা উপলক্ষে রাতভর চলে দেহতত্ত্ব, শ্যামা সঙ্গীত ও ভক্তিগীতি। মন্দির কমিটির সভাপতি শ্রী রতন চন্দ্র দাস জানান, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মেলাটি একটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে। চার লক্ষাধিক মানুষের এই সমাগম সামলাতে ৪ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ্ নিশ্চিত করেছেন যে, মেলায় যেকোনো ধরনের অশ্লীলতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শেখরনগরের এই মেলা আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ঐতিহ্যের এই ধারা যেন যুগ যুগ ধরে টিকে থাকে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।